শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর ‘নাট্য উৎসব-২০১৫’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
জাহাঙ্গীরনগর থিয়েটারের ৩৫ বছর পূর্তি উদযাপনে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নাট্য উৎসব-২০১৫’।
২৬ ফেব্রুয়ারি নাট্টাচার্য সেলিম আল দীন এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মূলত এ নাট্য উৎসব শুরু হবে।
সন্ধ্যায় নাট্য উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম।
উৎসবে জাহাঙ্গীরনগর থিয়েটারের নিজস্ব দুটি প্রযোজনা ছাড়াও থাকছে ঢাকার স্বনামধন্য চারটি গ্রুপের চারটি প্রযোজনা। এ ছাড়াও এ নাট্য উৎসবে গুণীজন সম্মাননা দেবে জাহাঙ্গীরনগর থিয়েটার। নাটকগুলো প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ মিনিটে সেলিম আল দীন মুক্তমঞ্চে মঞ্চস্থ হবে।
উৎসবে ২৭ ফেব্রুয়ারি থাকবে আজাদ আবুল কালাম এর রচনা ও নির্দেশনায় প্রাচ্যনাটের নাটক ‘ট্র্যাজেডি পলাশবাড়ী’।
২৮ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক ‘সম্রাট জোনস’।
১ মার্চ থাকবে বটতলা প্রযোজিত নাটক ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’।
২ মার্চ মঞ্চায়িত হবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক ‘বউ’।
৩ মার্চ মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রযোজিত নাটক ‘কারবালার জারি’।
উৎসবের শেষ দিন, ৪ মার্চ মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক ‘কিত্তনখোলা’।
প্রতিক্ষণ/এডি/মাসুম
























