আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাটুস কুটুস’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
এ সময়ের প্রেমের বাস্তবতা নিয়ে নির্মিত হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাটুস কুটুস’। চলচ্চিত্রটির চিত্রায়ন শুরু হয়েছে বৃহস্পতিবার।
এ উপলক্ষে বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান একমাত্রা এন্টারপ্রিনিওরস লিমিটেড।
গল্পটির চিত্রনাট্য লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক কাজী সুস্মিন আফসানা। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সামির আহমেদ।
‘দেশে হরহামেশাই ইভটিজিং হয়। কিন্তু সমাজের লোকেদের মাঝে এ নিয়ে অতটা ভাবান্তর দেখি না। কিন্তু প্রেমের মতো একটি বিষয় এখানে অগ্রহনযোগ্য ও রীতিমতো নিন্দনীয়। একে একপ্রকার অপরাধ হিসেবেই ধরা হয়। ভালবাসার সীমাবদ্ধতা, কখন-কোথায় কাছের মানুষের সঙ্গে দূরত্ব রেখে চলতে হবে-এমন নানা বিষয় তুলে ধরা হবে এই চলচ্চিত্রে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থপতি ইকবাল হাবিব, চলচ্চিত্রটির পরিচালক শুভাশীষ রায়, নির্বাহী প্রযোজক সামির আহমেদ, প্রধান দুই অভিনয় শিল্পী পিয়া বিপাশা ও মনোজসহ ‘কাটুস কুটুস’ এর সঙ্গে যুক্ত অন্য কলাকুশলীরা।
‘কাটুস কুটুস’ এর নায়ক মনোজ বলেন, ‘এই চলচ্চিত্রে যে চরিত্রে অভিনয় করছি তার সাথে এ সময়ের তরুণ-তরুণীরা কম-বেশি পরিচিত। বিশেষ করে প্রেম করতে গিয়ে যারা গুরুজনদের মুখোমুখি হয়েছেন তারা বেশি পরিচিত। ভিন্ন ধরনের এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘কাটুস কুটুস’। আশা করি দর্শকদের আমরা ভাল কিছু উপহার দিতে পারব।’
আনুষ্ঠানিক কাজ শেষে পিয়া বললেন, ‘আমাদের সমাজে একটি ছেলে ও একটি মেয়ের প্রেমের প্রতিবন্ধকতাকে ঘিরেই খুনসুটির গল্প এটি। রত্না অর্থাৎ আমার চরিত্রটি পুরোপুরি একটি বাঙালি মেয়ের। তার সঙ্গে এক ছেলের গল্প যুক্ত হবে এতে।’
বৃহস্পতিবার থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাটুস কুটুস’ এর শুটিং ঢাকা বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল গার্ডেন, হাতিরঝিলসহ ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে। ৪০-৬০ মিনিটের হবে চলচ্চিত্রটি। ছবিটি পয়েলা বৈশাখে সারাদেশের ৪০টি হলে মুক্তি দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন পরিচালক।
প্রতিক্ষণ/আকিদুল
























