খালেদার কর্মসূচিতে তার নেতাকর্মীদের বিশ্বাস নেই

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ৪:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

মাহবুব-উল-আলম-হানিফ_21আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লাখো নেতাকর্মী রয়েছে। কিন্তু তারা মাঠে থাকে না, রাজপথেও নামে না। কারণ, নেতাকর্মীরাই এখন তার এসব কর্মসূচিতে বিশ্বাস করে না।’

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদে আরাফাত রহমান কোকোর জানাজায় বিএনপির লাখো নেতাকর্মী অংশ নিয়েছে।

ওই ঘটনা প্রমাণ করে খালেদা জিয়ার এখনো লাখো কর্মী-সমর্থক আছে। কিন্তু তিনি যখন কর্মসূচি দেন তখন তার কোনো নেতাকর্মী মাঠে থাকে না, রাজপথে নামে না। কারণ, তার নেতাকর্মীরাই এখন এসব কর্মসূচিতে বিশ্বাস করে না।’

বেগম জিয়ার ডাকা অবরোধ-হরতাল নিয়ে তার দলের নেতা-কর্মীরাও হতাশ হয়ে গেছে দাবি করে হানিফ বলেন, ‘বিএনপি নেতারা বলছেন, এসব কর্মসূচি জনগণ আর মানছে না। এখন তাদের মধ্যেই প্রশ্ন উঠছে তাদের কর্মসূচি নিয়ে। কারণ, তারা বুঝতে পেরেছে বাংলার জনগণ তাদের এই হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে।’

খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘বিদেশি প্রভু নয়, জনগণের কাছে ধর্ণা দিন। বিদেশি প্রভুরা কেউ আপনাকে ক্ষমতায় বসাতে পারবে না। তথাকথিত হরতাল-অবরোধের মাধ্যমে আপনি হাজার হাজার মানুষকে অগ্নিদগ্ধ করেছেন। কিছুই লাভ হয়নি। জনগণের ধিক্কার ছাড়া আর কিছুই পাননি। এখন বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছেন। আকুতি-মিনতি করছেন। কোনো লাভ হবে না।’

হানিফ বলেন, ‘এখনো সময় আছে। ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করেন। জাতির কাছে ক্ষমা চান। মানুষ হত্যার দায় স্বীকার করেন। তাহলে হয়তো বাংলার জনগণ নতুন করে আপনাকে নিয়ে ভাবলেও ভাবতে পারে।’

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G