খুলনা-ভারত নতুন বাস চালুর সম্ভাবনা

প্রকাশঃ জুলাই ২১, ২০১৫ সময়ঃ ১২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bbbbbusssssবাংলাদেশ ও ভারতের মধ্যে আরও দুইটি নতুন রুটে বাসসেবা চালু হতে পারে বলে আশা করা যাচ্ছে । বাংলাদেশকে নতুন এই রুট দুটিতে বাসসেবা চালুর প্রস্তাব ভারতের পক্ষ থেকে এরই মধ্যে বাংলাদেশকে দেয়া হয়েছে। বাংলাদেশও তাতে সম্মতি দিয়েছে বলে জানা যায়। তবে এ বিষয়ে চুড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এই তথ্য জানান।
মো. মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের সঙ্গে খুলনা-কলকাতা এবং যশোর-কলকাতা এই রুটে বাসসেবা চালু করতে চায় ভারত। ভারতের এই প্রস্তাবে আমরা রাজি আছি। আগস্ট মাসে এই বিষয়ে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত আসতে পারে।’
বিষয়টি জানার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত জুনের ঢাকা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী এই বিষয়ে একমতে পৌঁছেছেন। তবে বিস্তারিত সিদ্ধান্ত হয়নি এখনও।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা গেছে, চলতি বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল এবং রেলপথের একাধিক রুটে নতুন যোগাযোগ স্থাপন হতে পারে। স্থলপথে নতুন রুটে বাসসেবা চলাচলে ভারতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে খুলনা (বাংলাদেশ) ও কলকাতার (ভারত) মধ্যে দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতও বাংলাদেশের এই প্রস্তাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানা গেছে, খুলনা ও কলকাতার মধ্যে দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালুর জন্য আরও যাত্রীবান্ধব কাস্টম ও অভিবাসন ব্যবস্থা সহজ করার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ শুরু করেছেন।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে দুই দেশের মধ্যে কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলং-গোহাটি নতুন এই দু’টি রুটে বাস চলাচল সেবা গত ৬ জুন উদ্বোধন করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে নতুন রুটে বাস চলাচল সেবা উদ্বোধন করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘নতুন রুটে বাস চলাচল সেবার বিষয়টি দুই দেশই অনুমোদন করেছে এবং এর উদ্বোধনও হয়েছে। কিন্তু বাণিজ্যিকভাবে এই সেবা চালু করতে হলে যে সব প্রস্তুতির প্রয়োজন তা এখনো শেষ হয়নি।’
একাধিক সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে নতুন রুটে বাণিজ্যিকভাবে বাসসেবা চালু করতে ভিসা, টিকেটের মূল্য, বাস কাউন্টার, রুটের মধ্যবর্তী স্থানে বাস স্টপেজের অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তাসহ একাধিক বিষয়ের কাজ এখনো শেষ হয়নি। আবার নতুন রুটের চলাচল উপযোগী বাসও ঠিক করা হয়নি।
ঢাকা-শিলং-গোহাটি এই রুটের সেবা পেতে হলে ভারতের গ্রাহককে কলকাতা থেকে বাংলাদেশের ভিসা নিয়ে এই রুটের সেবা পেতে হবে। কেননা শিলং বা গোহাটিতে বাংলাদেশের কোনো কনস্যুলার সার্ভিস বা ভিসা সেবা কেন্দ্র নেই। শিলং-গোহাটি রুটটি পার্বত্য অঞ্চল এবং ওই অঞ্চলে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তৎপরতা থাকায় নিরাপত্তার সমস্যা রয়েছে। এ ছাড়া ভারত অংশের এই রুটের সড়ক সরু। এক্ষেত্রে সড়ক সংস্কার করতে হবে অথবা বিশেষ বাসসেবা দিতে হবে।
পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, শিলংয়ে বাংলাদেশের ভিসা সেবাকেন্দ্র খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে কাজও চলছে। অচিরেই তা বাস্তবায়ন করা হবে। শিলং ও গোহাটিতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না, ভারত এই বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। আর ওই রুটের সড়ক সংস্কারের কাজও ভারত দ্রুত শেষ করবে বলে ঢাকাকে জানিয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘নতুন সেবা পেতে ভারতের চাহিদা অনেক বেশি। কিন্তু ভিসা জটিলতা সহজ না হলে এই সেবা চালু রাখা কঠিন হবে। আমরা এরই মধ্যে অন এ্যারাইভাল ভিসার জন্য পরামর্শ দিয়েছি। সামনের বৈঠকগুলোতে এই বিষয়ে সিদ্ধান্ত হবে।’
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G