আরআরএফ-এ ৪ পদে ৪৪০ জন নিয়োগ, পরীক্ষা ৬ নভেম্বর
বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), যশোর জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। সংস্থাটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় চারটি পদে মোট ৪৪০ জন কর্মী নেওয়া হবে। সিলেট বিভাগসহ আশপাশের জেলাগুলোর আগ্রহী প্রার্থীরা নির্ধারিত দিনে সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে নিয়োগপ্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন।
২০২৬ সালের ৬ নভেম্বর সকাল ৯টায় সিলেটের নির্ধারিত কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাজের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতার শর্ত পূরণ করতে হবে প্রার্থীদের।
কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে
আরআরএফের ক্ষুদ্রঋণ কার্যক্রমে চারটি পদে জনবল নিয়োগের বিবরণ নিচে দেওয়া হলো।
১. আঞ্চলিক ব্যবস্থাপক: ২০ জন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।
২. শাখা ব্যবস্থাপক: ৬০ জন। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
৩. অফিসার (অ্যাকাউন্টস): ৬০ জন। বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
৪. অফিসার (ঋণ): ৩০০ জন। আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
আঞ্চলিক ব্যবস্থাপক পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অন্য তিনটি পদ, অর্থাৎ শাখা ব্যবস্থাপক, অফিসার (অ্যাকাউন্টস) ও অফিসার (ঋণ) পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এ ক্ষেত্রে অধ্যয়নরত প্রার্থীদের আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পদভেদে অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা
আঞ্চলিক ব্যবস্থাপক: পিকেএসএফের ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি পাঁচ থেকে সাতটি শাখা পরিচালনার দক্ষতা প্রয়োজন। এমএস ওয়ার্ড, এক্সেল, ই-মেইল ও ইন্টারনেট ব্যবহারে ভালো ধারণা থাকতে হবে।
শাখা ব্যবস্থাপক: পিকেএসএফের ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে কাজের পারফরম্যান্স সন্তোষজনক হলে অভিজ্ঞতার শর্ত শিথিল করা হতে পারে।
অফিসার (অ্যাকাউন্টস): এমএস অফিসের পাশাপাশি অ্যাকাউন্টস সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এ পদে আবেদনের জন্য নিজের ল্যাপটপ থাকা বাধ্যতামূলক।
অফিসার (ঋণ): ট্যাব পরিচালনায় পারদর্শী হতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে ঋণ বিতরণ-সংশ্লিষ্ট কাজ এবং ঋণ ও সঞ্চয় আদায়ের কার্যক্রম পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স: আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও অফিসার (ঋণ) পদে আবেদনকারীদের নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তিতে পদভেদে শিক্ষানবিশকালীন বেতন এবং ছয় মাস পর স্থায়ী হলে বেতনের পরিমাণ উল্লেখ করা হয়েছে।
- আঞ্চলিক ব্যবস্থাপক: শিক্ষানবিশকালীন মাসিক বেতন ৫৫ হাজার টাকা। ছয় মাস পর স্থায়ী হলে বেতন হবে ৬০ হাজার ৫০৭ টাকা।
- শাখা ব্যবস্থাপক: শিক্ষানবিশকালীন বেতন ৪৭ হাজার টাকা। স্থায়ী হওয়ার পর মাসিক বেতন ৫৩ হাজার ৬৪৮ টাকা।
- অফিসার (অ্যাকাউন্টস): শিক্ষানবিশ অবস্থায় বেতন ৩৪ হাজার টাকা। ছয় মাস পর স্থায়ী হলে পাওয়া যাবে ৩৯ হাজার ৩৩১ টাকা।
- অফিসার (ঋণ): শিক্ষানবিশকালীন বেতন ৩৩ হাজার টাকা। স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৩৮ হাজার ১৬৬ টাকা।
বেতনের পাশাপাশি কর্মীদের জন্য রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে আবাসন ভাতা, দূরত্ব ভাতা, পারফরম্যান্স ইনসেনটিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব ভাতা, মূল বেতনের ৫০ শতাংশ বৈশাখী ভাতা, সিটি ভাতা, চিকিৎসা তহবিল এবং স্টাডি কল্যাণসুবিধা।
এ ছাড়া সপ্তাহে দুই দিন ছুটি, শিক্ষাবৃত্তি এবং মোটরসাইকেল ও কম্পিউটার কেনার জন্য ঋণসুবিধাও দেওয়া হবে।
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র
আরআরএফের নিয়োগ নির্বাচনী পরীক্ষা আগামী ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষাকেন্দ্রের ঠিকানা:
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হাউজিং এস্টেট রোড, আম্বরখানা আর/এ, সিলেট।
পদ অনুযায়ী পরীক্ষার ধরনেও পার্থক্য রয়েছে। অফিসার (অ্যাকাউন্টস) পদের প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষায় অংশ নিতে হবে। অন্য তিনটি পদের জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৫০ টাকা অফেরতযোগ্য নগদ রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
আবেদনের জন্য যেসব কাগজপত্র লাগবে
আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র তৈরি করতে হবে। এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা:
- স্বহস্তে লিখিত আবেদনপত্র
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত
- দুই কপি রঙিন ছবি
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- অভিজ্ঞতার সনদ
- নাগরিকত্ব সনদ
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি
- আত্মীয় নন, এমন দুজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স
আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ফলাফল প্রকাশের তারিখ
নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ফলাফল ১১ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশ করার কথা রয়েছে। ফলাফল দেখা যাবে সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে।
ফলাফল দেখুন: আরআরএফের অফিসিয়াল ফলাফল পেজ
নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় মূল সনদপত্র জমা দিতে হবে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়গুলো ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
প্রতি / এডি / শাআ























