বিশ্বকাপের মঞ্চে স্পেনের হাতে উঠল আরেকটি বিশ্বকাপ

প্রকাশঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ অপরাহ্ণ

ফিফার বিশ্বকাপ ট্রফির সঙ্গে যেন স্পেনের সম্পর্কটা এখন আরও গভীর হচ্ছে। বয়সভিত্তিক প্রতিযোগিতা থেকে শুরু করে সিনিয়র পর্যায়, একের পর এক বিশ্বসেরার মুকুট উঠছে স্পেনের হাতে। সেই ধারাবাহিকতায় এবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপাও জিতেছে তারা।

রোববার রাতে পোল্যান্ডে অনুষ্ঠিত ফাইনালে উত্তর কোরিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল হয়নি। অতিরিক্ত ৩০ মিনিটেও জালের দেখা পায়নি দুই দল। ফলে শিরোপার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক লাইয়া লোপেজের দুর্দান্ত পারফরম্যান্সে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন।

এই জয়ের মধ্য দিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো স্পেন। এর আগে ২০২২ সালে প্রথমবার এই শিরোপা জিতেছিল তারা। একই বছর অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও নিজেদের করে নেয় স্পেন। পরের বছর সিনিয়র নারী বিশ্বকাপ জিতে মেয়েদের ফুটবলে নিজেদের আধিপত্য আরও স্পষ্ট করে দলটি।

২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং সিনিয়র নারী বিশ্বকাপ, তিন স্তরেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে স্পেন। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিততে পারলে মেয়েদের ফুটবলের তিনটি প্রধান বিশ্বকাপ একই সময়ে তাদের দখলে থাকত। তবে সেবার টাইব্রেকারে উত্তর কোরিয়ার কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া হয়।

এবার সেই উত্তর কোরিয়াকেই টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ট্রফি পুনরুদ্ধার করল স্পেন। দুই দলের আগের সেই লড়াইয়ের দুই বছর পর পাওয়া এই জয় তাই স্পেনের জন্য বাড়তি তাৎপর্য বহন করছে।

সাম্প্রতিক সময়েও বিশ্ব ফুটবলে স্পেনের সাফল্যের ধারাবাহিকতা দেখা যাচ্ছে। মাত্র তিন মাসের ব্যবধানে ফিফার দুটি বিশ্বকাপ ট্রফি জিতেছে দেশটি। জুলাইয়ে নিউ জার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে সিনিয়র পুরুষদের বিশ্বকাপ জয়ের পর এবার অনূর্ধ্ব-২০ নারী দলের হাত ধরে আরেকটি বিশ্বকাপ শিরোপা যোগ হলো স্পেনের ট্রফি ক্যাবিনেটে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G