অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রাজধানীর যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অনুমোদন ছাড়া পরিচালিত ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে রাজধানীর সামগ্রিক যানজট পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সভাপতিত্ব করা এ বৈঠকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং এবং ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
যাত্রাবাড়ী-গুলিস্তান এলাকায় যানজট কমাতে নতুন উদ্যোগ
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশে নিয়মিত তৈরি হওয়া যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের একটি প্রতিবেদন পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে।
বুয়েটকে বিদ্যমান তথ্য ও সুপারিশ যাচাই করে যানজট কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ উল্লেখ করে নতুন প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ কার্যক্রমে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
টোল আদায়ে প্রযুক্তির ব্যবহার
এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে টোল পরিশোধের প্রক্রিয়া আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করা হচ্ছে।
ইটিসি ব্যবস্থার জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার মাসের মধ্যে অ্যাপসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফুলবাড়িয়া থেকে কেরানীগঞ্জে বাস টার্মিনাল
রাজধানীর কেন্দ্রীয় এলাকায় আন্তঃজেলা বাসের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তবে স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগবে। সে কারণে এর আগেই ঝিলমিল প্রকল্প এলাকায় ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী চার মাসের মধ্যে অস্থায়ী টার্মিনাল নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গাবতলী টার্মিনালে বাড়বে সক্ষমতা
গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্তও এসেছে বৈঠকে। এর মাধ্যমে টার্মিনালের ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাস ও অন্যান্য যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
কাজটি দ্রুত এগিয়ে নিতে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজার এলাকার যানজট কমানোর পরিকল্পনার অংশ হিসেবে কিচেন মার্কেটটি গাবতলী এলাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয়ের কাছে পার্কিংয়ের নতুন ব্যবস্থা
সচিবালয় ঘিরে যানবাহনের চাপ কমাতে পার্কিং সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং সুবিধা করা সম্ভব কি না, তা যাচাই করা হবে।
প্রয়োজনে আরও বিকল্প পার্কিং এলাকা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সচিবালয়ের আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।
অটোরিকশার জন্য আলাদা নীতিমালা
ঢাকার সড়কে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে পৃথক নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নীতিমালায় অটোরিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল করার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর যানজট কমাতে নেওয়া সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রতি / এডি / শাআ























