কোটি মানুষের হৃদয়ে হুমায়ুন ফরিদী
প্রতিক্ষণ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
মঞ্চ থেকে ছোট পর্দা কিংবা বড় পর্দায়- সব জায়গায় দেখিয়েছেন অসাধারণ অভিনয় নৈপুণ্য। চরিত্র থেকে চরিত্রে ভিন্নতা নিয়ে হয়ে উঠেছিলেন ভার্সেটাইল।
যার অভিনয়ের সাবলীলতায় কোটি মানুষকে মোহিত করেছেন। তিনি আর কেউ নন আমাদের প্রিয় অভিনেতা হুমায়ুন ফরীদি। কোটি মানুষের প্রিয় এই অভিনেতা ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি চলে যান না ফেরার দেশে।
বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদি ১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এটিএম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। চার ভাই-বোনের মধ্যে তার অবস্থান দ্বিতীয়।
ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র ছিলেন তিনি। মাধ্যমিক স্তর উত্তীর্ণের পর চাঁদপুর সরকারী কলেজে পড়াশোনা করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদেই সান্নিধ্য পান নাট্যাচার্য সেলিম আল দীনের। সেলিম আল দীনের হাত ধরেই জড়িয়ে পড়েন গ্রুপ থিয়েটারের সঙ্গে। এর আগে বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ নাট্য উৎসবে অংশগ্রহণ করলেও মূলত ঢাকা থিয়েটারের নাট্যচর্চার মধ্য দিয়েই নিয়মিত নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন তিনি।
বর্ণিল কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন হুমায়ুন ফরীদি। নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে তাকে সম্মাননা প্রদান করা হয়।
প্রতিক্ষণ/এডি/ ইমরান
























