প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা 

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২৫ সময়ঃ ৫:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সর্বাধিক সদস্য মোতায়েন থাকবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি)। প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রধারীসহ ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকালে ঢাকার খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে আনসারদের অবদান সবচেয়ে বেশি। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে—এর মধ্যে তিনজন থাকবেন অস্ত্রসহ, আর বাকি ১০ জন থাকবেন অস্ত্রবিহীন। অস্ত্রবিহীন সদস্যদের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী থাকবেন।’

তিনি আরও বলেন, ‘এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের সঙ্গে একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে। মোট নয়দিন দায়িত্ব পালনের মাধ্যমে আনসার সদস্যরা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দেশের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নের প্রতিটি পর্বে আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে জাতির সেবায় নিয়োজিত।’

বাহিনীর সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে ৩১টি যানবাহন কেনা হয়েছে বলে জানান উপদেষ্টা। এসবের মধ্যে রয়েছে ৯টি ট্রুপস ক্যারিয়ার, ১৪টি কাভার্ড ভ্যান, ৪২ আসন বিশিষ্ট ৪টি বড় বাস, ২৪ আসন বিশিষ্ট ২টি মিনি বাস ও ২টি অ্যাম্বুলেন্স।

তিনি বলেন, ট্রান্সপোর্ট সার্ভিস চালুর মাধ্যমে আনসার সদস্যদের ছুটি, বিনোদন ভ্রমণ ও বিভিন্ন প্রয়োজনে যাতায়াতজনিত ভোগান্তি কমবে। এটি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হবে এবং বৈধ পরিচয়পত্রধারী সদস্যদের জন্য নির্ভরযোগ্য ও নিরাপদ পরিবহন সুবিধা নিশ্চিত করবে।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে, এটি একটি চলমান প্রক্রিয়া। পরশুদিনও আটটি অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, উদ্ধার অভিযান তত বাড়বে। একসময় বাইরে আর কোনো অস্ত্র বা হাতিয়ার থাকবে না।’

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G