বিস্মৃতি —রাকিব হাসান
স্মৃতির পাতাল সমাধিতে ঠাঁই পেয়েছো, ঘাপটি মেরে থাকো
চেনা জগতে ছায়ার মতো হারিয়েছো, বেরিয়ে এসো না
দমকা হাওয়াও যদি বের হতে বলে, তাও হবে না।
খবরদার, যেখানো আছো বিস্মৃত হয়েই থাকো
আলোতে ফেরার দু:সাহস করো না।
কথা কি শুনতে পাও না?
না শুনলে ৩০ বছর পেছনের বিস্মৃতির পর্বতে নিক্ষেপ করবো
যেখানে নিজেরই স্মৃতি বলে কিছু ছিলো না।
খবরদার বলছি, একটুও উঁকি দিয়ো না
মস্তিষ্কের প্রতিটি কোষে এখন নব চিন্তার বসবাস
সেখানে অযাচিত হয়ো না।
উট পাখির মত বালিতে মুখ থুবড়ে পড়ে থাক, তবুও বের হয়ো না।
এরপরও যদি বৃথা চেষ্টা করো
বিধ্বংসী আলজেইমার্স এর কাছে সঁপে দেবো, তবু ঠাঁই পাবেনা,
কেননা ক্ষমাহীন স্মৃতির চেয়ে বিস্মৃতির অতল গহবরই ভালো।
১৭ই মার্চ, রাত-৯.৩০,বার্তা কক্ষ, একুশে টেলিভিশন

























