ভারতে গোমূত্র কিনবে সরকার, লিটারপ্রতি মিলতে পারে ২০ রুপি
ভারতের উত্তর প্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের জন্য পরীক্ষামূলক একটি প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। বুলন্দশহরের ১৫টি গ্রামকে প্রাথমিকভাবে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। প্রকল্পের মাধ্যমে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি দরে কেনার ব্যবস্থা করা হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে।
কর্তৃপক্ষের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করা, গ্রামীণ নারীদের কর্মসংস্থানে যুক্ত করা এবং দুধ উৎপাদন বন্ধ হয়ে যাওয়া গরুর পরিচর্যায় সহায়তা করা।
প্রকল্পের সঙ্গে এখন পর্যন্ত প্রায় ৩০০ নারী যুক্ত হয়েছেন। তাদের সংশ্লিষ্ট কৃষক উৎপাদক সংগঠনের (এফপিও) শেয়ারহোল্ডার করা হয়েছে। গোমূত্র সংগ্রহ ও সরবরাহে সহযোগিতা করা নারীরা প্রতি লিটারে ২ রুপি করে কমিশন পাচ্ছেন।
সংগৃহীত গোমূত্র কৃষিতে বিভিন্ন কাজে ব্যবহারের উপযোগী কাঁচামাল হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণের বিকল্প তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। পরীক্ষামূলক প্রকল্পটি সফল হলে উত্তর প্রদেশের অন্যান্য এলাকাতেও কার্যক্রম সম্প্রসারণের জন্য আলাদা নীতিমালা তৈরি করা হতে পারে।
তবে এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী দল সমাজবাদী পার্টি প্রকল্পটির সমালোচনা করে একে ‘কেলেঙ্কারি’ হিসেবে উল্লেখ করেছে। দলটির অভিযোগ, নির্বাচনি তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে বিজেপি বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলটির দাবি, উত্তর প্রদেশ সরকারের উন্নয়নমূলক যেকোনো উদ্যোগেরই বিরোধিতা করে আসছে সমাজবাদী পার্টি।
প্রতি / এডি / শাআ























