মজাদার মাটন মিটবল স্যুপ

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ugtgসারাদিন ততোটা ঠাণ্ডা না লাগলেও সন্ধ্যার দিকে হিমেল হাওয়ায় কাঁপুনি আসে ঠিকই। সন্ধ্যার এই শীত তাড়াতে এক বাটি গরম গরম স্যুপ হলে কেমন হয়? আর স্যুপে যদি থাকে মিটবল, তাহলেতো আর কথাই নেই। শীততো যাবেই, সেই সাথে উদরপূর্তিটাও হয়ে যাবে। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় এই মজাদার স্যুপঃ

উপকরণঃ

মিটবলের জন্য

    –   ১ পাউন্ড খাসির মাংসের কিমা
    –   ৩টি কাঁচামরিচ
    –   ৪ কোয়া রসুন, মিহি কুচি
    –   ২ ইঞ্চি আদা, মিহি কুচি
    –   ২ টেবিল চামচ ধনেপাতা মিহি কুচি
    –   আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো
    –   আধা চা চামচ লবণ
    –   ১ চা চামচ ভেজিটেবল অয়েল
    –   ১টা মাঝারি ডিম

স্যুপের জন্য

    –   দেড় টেবিল চামচ তেল
    –   সিকি কাপ পিঁয়াজ বাটা
    –   ১ টেবিল চামচ আদা রসুন বাটা
    –   এক ইঞ্চি পরিমাণ দারুচিনি
    –   ১টা তেজপাতা
    –   ২টা লবঙ্গ
    –   আধা চা চামচ গোলমরিচ
    –   ১ চা চামচ ধনিয়া
    –   সিকি চা চামচ জিরা
    –   পৌনে এক চা চামচ কাশ্মিরি মরিচ পাউডার অথবা পাপরিকা
    –   ২ মাঝারি টমেটো, ব্লেন্ডারে পিউরি করা
    –   ৩ টেবিল চামচ ঘন দই
    –   ৪ কাপ পানি
    –   লবণ স্বাদমতো
    –   গার্নিশ করার জন্য ধনেপাতা এবং লেবুর রস (ইচ্ছা)

প্রণালীঃ

১) একটা বোলে মিটবলের সব উপকরণ নিন। হাতে মাখিয়ে নিন ভালো করে। এরপর হাতে অল্প করে তেল মেখে এটাকে ছোট ছোট মিটবলের আকৃতি দিন। এগুলোকে একটা প্লেট অথবা ট্রেতে রেখে প্লাস্টিক শিট বা ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিন। এরপর স্যুপ তৈরি করা শুরু করুন।

২) হামানদিস্তায় গুঁড়ো করে নিন গোলমরিচ, লবঙ্গ, ধনে এবং জিরা। একটা বড় প্যান গরম করে নিন মাঝারি আঁচে। এরপর তেল দিন। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে এতে দিয়ে দিন দারুচিনি এবং তেজপাতা। ১০ সেকেন্ড পর এতে দিয়ে দিন পিঁয়াজ, আদা-রসুনের পেস্ট এবং আঁচ কমিয়ে দিন। মশলা ভুনে নিন যাতে রঙ পরিবর্তন হয়ে যায়। ৫-৭ মিনিটের মাঝে হয়ে যাবে এবং মশলা থেকে সুন্দর গন্ধ আসবে।

৩) আঁচ কম রেখেই এতে দিয়ে দিন গুঁড়ো করা মশলা, টমেটো পিউরি, দই এবং লবণ। সবকিছু নেড়ে মিশিয়ে নিন। ৮-১০ মিনিট রান্না করুন। তেল ওপরে উঠে এলে পানি দিয়ে দিন। স্যুপ চেখে দেখুন লবণ ঠিক আছে কিনা। মাঝারি আঁচে এটাকে ফুটিয়ে নিন।

৪) স্যুপ ফুটতে শুরু করলে আবার আঁচ কমিয়ে দিন। এরপর ফ্রিজ থেকে মিটবল বের করে স্যুপে দিয়ে দিন। ওপরে ঢাকনা দিয়ে রান্না হতে দিন ১০-১২ মিনিট।

রান্না হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে রেখে দিন দেড় থেকে দুই ঘন্টা। খাবার সময়ে আরেকবার কম আঁচে গরম করে নিন। তেজপাতা এবং দারুচিনি বের করে ফেলে দিন। ওপরে ধনেপাতা কুচি এবং একটু লেবুর রস দিয়ে পরিবেশন করুন।

শুনে মনে হতে পারে এই স্যুপ রান্নায় অনেক বেশি সময় লাগছে। কিন্তু এটা আগে থেকে তৈরি করে রাখা যায়, ফলে দরকারের সময়ে আসলে শুধু গরম করে নিলেই হয়।

টিপস

–   শুধু খাসির মাংস নয়, এটা তৈরি করতে পারেন চিকেন কিমা দিয়েও। চিকেন কিমা রান্না করতে সময় আরো কম লাগবে।

–   রুটির সাথে পরিবেশন করলে এই স্যুপ আপনি ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G