হাই স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি
দেশের মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, হাই স্কুল ও মাদরাসায় বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে। তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাওয়ার আগে বর্তমানে কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে যারা নিজেদের কর্মস্থল থেকে অনেক দূরে দায়িত্ব পালন করছেন, তাদের প্রয়োজন অনুযায়ী বদলির সুযোগ দেওয়া হবে।
তিনি জানান, বদলি কার্যক্রম খুব শিগগিরই শুরু হতে পারে। এই প্রক্রিয়া শেষ করার পর নতুন শিক্ষক নিয়োগের দিকে এগোবে সরকার।
শিক্ষকদের বদলির ক্ষেত্রে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কার্যক্রম শুরু হলে বিষয়টি পরিষ্কার হবে। এখনই এ বিষয়ে মন্তব্য করার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু
শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। এই ঘাটতি পূরণে নিয়োগের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে।
তিনি আরও জানান, দেশের শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে এবং বর্তমানে সারাদেশের শিক্ষকরা এ সুবিধা পাচ্ছেন।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেও বড় ধরনের শূন্যতার কথা তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। এ-সংক্রান্ত মামলার বিষয়টি ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।
এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ক্ষেত্রেও একটি জটিলতা ছিল বলে জানান মন্ত্রী। প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর আইনি জটিলতা তৈরি হলেও সেটিও এখন নিষ্পত্তি হয়েছে।
মন্ত্রী বলেন, খুব শিগগিরই এসব পদের জন্য মৌখিক পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা হবে।
শিক্ষক সংকট কাটাতে একদিকে বর্তমান শিক্ষকদের বদলি এবং অন্যদিকে নতুন নিয়োগের মাধ্যমে শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রতি / এডি / শাআ























