সোমবার অনুমোদন মিললে বৃহস্পতিবারের মধ্যেই পে-স্কেলের প্রজ্ঞাপন

প্রকাশঃ আগস্ট ২৮, ২০২৬ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ অপরাহ্ণ

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার নতুন বেতন কাঠামো বা পে-স্কেল অনুমোদনের জন্য আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকে তোলা হতে পারে। ওই বৈঠকে অনুমোদন পাওয়া গেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র।

তবে চূড়ান্ত খসড়া প্রস্তুত হলেও বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা কত শতাংশ বাড়বে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামী সপ্তাহেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ সংক্রান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সোমবারের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। অনুমোদন মিললে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশ করা হতে পারে।

তবে মন্ত্রিসভায় ওঠার জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় বেতন ও ভাতা বৃদ্ধির হার কত রাখা হয়েছে, সে বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা কোনো তথ্য দিতে চাননি।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের কাজ শেষ পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে বলেও তিনি জানিয়েছিলেন।

এর আগে ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের কাজ চলমান। প্রক্রিয়া শেষ হলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির উদ্যোগ নেওয়া হবে।

বেতন কত বাড়তে পারে

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ তৈরির জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি সচিব কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ প্রায় ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাবটি দুই ধাপে কার্যকর করার কথা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

তবে প্রজ্ঞাপন এখনো প্রকাশিত না হওয়ায় নিচের গ্রেডভিত্তিক বেতনকে চূড়ান্ত হিসেবে দেখার সুযোগ নেই। বিভিন্ন পর্যায়ে প্রকাশিত প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সম্ভাব্য মূল বেতন হতে পারে:

গ্রেডপ্রস্তাবিত মূল বেতন
১ম১,৬০,০০০ টাকা
২য়১,৩২,০০০-১,৫৩,০০০ টাকা
৩য়১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা
৪র্থ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা
৫ম৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা
৬ষ্ঠ৭১,০০০-১,৩৪,০০০ টাকা
৭ম৫৮,০০০-১,২৬,৮০০ টাকা
৮ম৪৭,২০০-১,১৩,৭০০ টাকা
৯ম৪৫,১০০-১,০৮,৮০০ টাকা
১০ম৩২,০০০-৭৭,৩০০ টাকা
১১তম২৫,০০০-৬০,৫০০ টাকা
১২তম২৪,৩০০-৫৮,৭০০ টাকা
১৩তম২৪,০০০-৫৮,০০০ টাকা
১৪তম২৩,৫০০-৫৬,৮০০ টাকা
১৫তম২২,৮০০-৫৫,২০০ টাকা
১৬তম২১,৯০০-৫২,৯০০ টাকা
১৭তম২১,৪০০-৫১,৯০০ টাকা
১৮তম২১,০০০-৫০,৯০০ টাকা
১৯তম২০,৫০০-৪৯,৬০০ টাকা
২০তম২০,০০০-৪৮,৪০০ টাকা

উপরের তালিকাটি বিভিন্ন পর্যায়ে প্রকাশিত প্রস্তাবের ভিত্তিতে তৈরি। সরকারি প্রজ্ঞাপন প্রকাশের আগে এসব অঙ্ককে চূড়ান্ত বেতন হিসেবে বিবেচনা করা যাবে না।

নতুন বেতন কাঠামোর প্রক্রিয়া

সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দের তথ্য দেওয়া হয়েছে।

অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন এ বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ওই কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G