এসআই-সার্জেন্ট-কনস্টেবল মিলিয়ে ১৮ হাজার পদে নিয়োগ দেবে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীতে জনবল বাড়াতে নতুন করে ১৮ হাজার পদ সৃষ্টির পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে ৪ হাজার উপপরিদর্শক (এসআই), ৪ হাজার সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ রয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রংপুর-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. নুরুল আমীনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধির অংশ হিসেবে ৪ হাজার নিরস্ত্র উপপরিদর্শক, ৪ হাজার সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। এসব পদ সৃষ্টি হলে দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি রংপুর জেলাতেও পুলিশের জনবল বাড়বে।
পুলিশের যানবাহন ও জলযানসংকট দূর করার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আগামী পাঁচ অর্থবছরে ধাপে ধাপে রাজস্ব বাজেটের আওতায় টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি পূরণ করা হবে।
এ ছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটে যানবাহনের প্রকৃত চাহিদা নির্ধারণে সম্ভাব্যতা যাচাই করে উন্নয়ন প্রকল্প নেওয়া হবে। নতুন ইউনিট গঠন, বাড়তি জনবল এবং কাজের পরিধি বিবেচনায় সংশ্লিষ্ট টিওঅ্যান্ডইতে যানবাহন ও জলযানের সংখ্যা বাড়ানোর উদ্যোগও থাকবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে মাঠপর্যায়ের পুলিশ ইউনিটগুলোতে প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা হবে। এর মাধ্যমে পুলিশের জনবল বৃদ্ধির পাশাপাশি তাদের প্রয়োজনীয় পরিবহন সুবিধাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতি / এডি / শাআ























