হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার, ব্যবহার করবেন যেভাবে
ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়াতে নতুন কয়েকটি সুবিধা চালু করেছে মেটা। হোয়াটসঅ্যাপের নতুন নিরাপত্তাব্যবস্থায় দুই ধাপের যাচাইকরণে পরিবর্তনের পাশাপাশি অপরিচিত নম্বর থেকে আসা কল সম্পর্কে বাড়তি তথ্য এবং একই অ্যাকাউন্টে একাধিক পাসকি ব্যবহারের সুযোগ যুক্ত হয়েছে।
ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে শুরু থেকেই প্রান্ত থেকে প্রান্ত এনক্রিপশন ব্যবস্থা চালু রয়েছে। অর্থাৎ কথোপকথনের বার্তা সংশ্লিষ্ট ব্যবহারকারী ও যার সঙ্গে তিনি যোগাযোগ করছেন, তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য এই প্রযুক্তি কাজ করে। এবার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ যাতে আরও নিরাপদ থাকে, সে লক্ষ্যেই নতুন সুবিধাগুলো যুক্ত করা হয়েছে।
দুই ধাপের যাচাইকরণে পিনের বদলে পাসওয়ার্ড
নতুন ব্যবস্থায় হোয়াটসঅ্যাপের দুই ধাপের যাচাইকরণ আরও শক্তিশালী করার সুযোগ দেওয়া হয়েছে। আগে এই নিরাপত্তা সুবিধা চালু করতে ছয় সংখ্যার একটি পিন নির্ধারণ করতে হতো। এখন ব্যবহারকারীরা চাইলে তার পরিবর্তে পূর্ণাঙ্গ পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন।
পাসওয়ার্ডে অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন রাখা যাবে। পাশাপাশি এটি দীর্ঘ করার সুযোগ থাকায় সহজে অনুমান করা কঠিন পাসওয়ার্ড তৈরি করা সম্ভব হবে। এতে অ্যাকাউন্টের নিরাপত্তা আগের তুলনায় আরও বাড়তে পারে।
অপরিচিত কল সম্পর্কে আগে থেকেই জানা যাবে
অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কলটি গ্রহণের আগে কিছু বাড়তি তথ্য দেখতে পারবেন।
এর মধ্যে নম্বরটি অন্য দেশের কি না এবং ওই কলারের সঙ্গে ব্যবহারকারীর কোনো অভিন্ন দল রয়েছে কি না, তা জানার সুযোগ থাকবে। ফলে অপরিচিত ব্যক্তির ফোন ধরার আগে কলটি গ্রহণ করা নিরাপদ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্রতারকেরা অনেক সময় জরুরি পরিস্থিতির কথা বলে ব্যবহারকারীকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করার চেষ্টা করে। কলের আগে অতিরিক্ত তথ্য দেখানোর ফলে ব্যবহারকারীরা এমন পরিস্থিতিতে আরও সতর্ক হওয়ার সুযোগ পাবেন।
এক অ্যাকাউন্টে একাধিক পাসকি
হোয়াটসঅ্যাপের পাসকি সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে। পাসকি ব্যবহার করলে আলাদা কোড বা পিন মনে রাখার প্রয়োজন হয় না। ফোনের আঙুলের ছাপ, মুখ শনাক্তকরণ বা স্ক্রিন আনলকের নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করেই অ্যাকাউন্টে প্রবেশ করা যায়।
হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে একশ কোটির বেশি মানুষ পাসকি সুবিধা চালু করেছেন। নতুন ব্যবস্থায় অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ব্যবহারকারী একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একাধিক পাসকি যুক্ত করতে পারবেন।
পাসকি চালু করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে পাসকি চালু করতে প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। এরপর অ্যাকাউন্ট নির্বাচন করে পাসকি অপশনে প্রবেশ করতে হবে। সেখানে থাকা নির্দেশনা অনুসরণ করে ফোনের নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করে পাসকি তৈরি করা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা যেন নিজেদের অ্যাকাউন্টের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন এবং ব্যক্তিগত তথ্য আরও নিরাপদ রাখতে পারেন, সে লক্ষ্যেই ভবিষ্যতেও নতুন নিরাপত্তা সুবিধা তৈরির কাজ অব্যাহত থাকবে।
প্রতি / এডি / শাআ























