নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের পেনশন যেভাবে নির্ধারিত হবে
নতুন বেতন কাঠামোর আওতায় পুরোনো পেনশনভোগীদের জন্যও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচনী প্রতিশ্রুতিতে থাকা ‘এক গ্রেড এক পেনশন’ বা ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি) একবারে পুরোপুরি চালু করা হচ্ছে না। প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং এটি বাস্তবায়নে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হওয়ায় ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে এই ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওআরওপি পুরোপুরি চালুর আগ পর্যন্ত পেনশনভোগীদের জন্য বিকল্প হিসেবে পেনশন বৃদ্ধির একটি নতুন পদ্ধতি অনুমোদন করা হয়েছে। এই ব্যবস্থায় যাদের বর্তমান পেনশন তুলনামূলক কম, তাদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে বেশি।
নতুন ফর্মুলা অনুযায়ী, মাসে ৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ১০০ শতাংশ।
যারা ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পান, তাদের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের জন্য বৃদ্ধির হার ৬৫ শতাংশ।
অন্যদিকে, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৬০ শতাংশ। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৫৫ শতাংশ।
এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং বর্তমানে তুলনামূলক কম নিট পেনশন পাওয়া ব্যক্তিরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। কারণ তাদের বর্তমান পেনশনের ওপর তুলনামূলক বেশি হারে বৃদ্ধি কার্যকর হবে।
প্রতি / এডি / শাআ























